মহিপুরে আপত্তিকর ভিডিও কাণ্ডে যুবদল নেতার পদ স্থগিত

0
মহিপুরে আপত্তিকর ভিডিও কাণ্ডে যুবদল নেতার পদ স্থগিত

কলাপাড়া প্রতিনিধি : ফেসবুকে এক নারীর সাথে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পটুয়াখালীর মহিপুরে যুবদলের এক নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তার দলীয় পদ স্থগিত করেছে সংশ্লিষ্ট থানা কমিটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মহিপুর থানা যুবদল এই সিদ্ধান্ত নেয়। পদ স্থগিত নেতার নাম মো. গোলাম মোর্তুজা। তিনি মহিপুর থানার ৯ নং ধুলাসার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় মোর্তুজার পদ স্থগিত করা হয়েছে বলে থানা যুবদলের দপ্তর সম্পাদক মো. মাসুম সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

মহিপুর থানা যুবদলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদার অনুমোদনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে গোলাম মোর্তুজার প্রতিক্রিয়া জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদা বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের সুনাম ও শৃঙ্খলা অটুট রাখতেই অভিযোগ যাচাই করে সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওকে কেন্দ্র করে মহিপুর থানা এলাকা সহ ধুলাসার ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নানা গুঞ্জন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।