পল্টনে আওয়ামী লীগের নেতাকে আটক করে আপ্যায়ন শেষে পুলিশে দিল যুবদল

0
পল্টনে আওয়ামী লীগের নেতাকে আটক করে আপ্যায়ন শেষে পুলিশে দিল যুবদল

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা। তবে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে ওই নেতাকে সেদ্ধ ডিম, পানি ও কফি খাইয়ে আপ্যায়ন করার এবং তার ব্যক্তিগত মালামাল নিরাপদে ফিরিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন এবং তার অনুসারীরা ওই ব্যক্তিকে আটক করেন।

ঘটনাটির একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, পল্টন এলাকায় ওই ব্যক্তিকে আটক করার পর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং সেখানে অবস্থানের কারণ জানতে চাইছেন। কথোপকথনের একপর্যায়ে আটক ব্যক্তি নিজের পরিচয় নিশ্চিত করে জানান, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

ভিডিওতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন দাবি করেন, শেখ হাসিনার আগমন কিংবা দলীয় কোনো কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীলতা বা নাশকতার পরিকল্পনা বাস্তবায়ন করতেই ওই আওয়ামী লীগ নেতা পল্টন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে থাকবেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ওই নেতাকে আতঙ্কিত না হওয়ার জন্য আশ্বস্ত করেন রবিউল ইসলাম নয়ন। এরপর মানবিক আচরণের অংশ হিসেবে তাকে দুটি সেদ্ধ ডিম, বিশুদ্ধ পানি ও কফি খেতে দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে নয়ন নির্দেশ দেন যেন আটক ব্যক্তির মোবাইল ফোন, মানিব্যাগসহ সব ব্যক্তিগত জিনিসপত্র যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয় এবং কোনো কিছু যেন খোয়া না যায়, সে বিষয়ে সতর্ক থাকা হয়।

আপ্যায়ন ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ওই আওয়ামী লীগ নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।