ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির তৃণমূল অংশ। একই সঙ্গে স্থানীয় ‘কাকন বাহিনী’র সঙ্গে জামায়াতের সম্পর্ক ও সহযোগিতার অভিযোগের বিষয়ে দলটির নেতাদের পবিত্র কোরআন স্পর্শ করে নিজেদের অবস্থান পরিষ্কার করার চ্যালেঞ্জ জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঈশ্বরদীতে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে বিএনপি’ শিরোনামে প্রচারিত বক্তব্য বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। সাঁড়া ইউনিয়নের ঘটনার প্রকৃত চিত্র আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটির এই অংশ।
লিখিত বক্তব্যে ঘটনার বিবরণ তুলে ধরে বলা হয়, ঘটনার দিন সাঁড়া ইউনিয়নের রঙিলা মোড়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মিছিল লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করা হলে ছাত্রদলের পাঁচজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
পরবর্তী সময়ে বিক্ষুব্ধ মিছিলটি খাঁ পাড়ার দিকে অগ্রসর হলে যেসব বাড়ি থেকে হামলা চালানোর অভিযোগ উঠেছিল, সেসব বাড়ির ভেতর থেকে অস্ত্রধারীরা আবারও মিছিল লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা পুনরায় সংগঠিত হয়ে ওই বাড়িগুলো ঘেরাও করলে হামলাকারীরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় বলে দাবি করা হয়। এ সময় বাড়ির সামনে রাখা ১৫ থেকে ২০টি মোটরসাইকেলের মধ্যে কয়েকটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে জামায়াতের উদ্দেশে দুটি প্রশ্ন তুলে বিএনপি নেতারা বলেন, বাড়িটি যদি জামায়াত নেতার হয়ে থাকে, তাহলে সেখান থেকে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হলো কেন? একটি সাধারণ পরিবারের বাড়িতে ১৫টির বেশি মোটরসাইকেল থাকার বিষয়টিও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তাঁরা।
বিএনপির এই অংশের দাবি, সশস্ত্র হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই জামায়াত একপাক্ষিক ও ভিত্তিহীন অভিযোগ তুলেছে। একই সঙ্গে স্থানীয় ‘কাকন বাহিনী’র সঙ্গে জামায়াতের সম্পর্ক ও সহযোগিতার অভিযোগ তুলে দলটির নেতাদের পবিত্র কোরআন স্পর্শ করে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার চ্যালেঞ্জ জানানো হয়।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিছিলে গুলিবর্ষণ এবং বাড়িতে অস্ত্র মজুতের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী পৌর বিএনপির তৃণমূল ঘোষিত আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল ঘোষিত ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. শাহাবুদ্দিন সেন্টু সরদার, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী খান, আক্তার হোসেন নিফা ও খন্দকার তৌফিক আলম সোহেল, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হীরক সরদার, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম মুকুল, রাশেদুল ইসলাম রিপন, মাহবুবুল আলম প্রমুখ।

