গাজীপুর প্রতিনিধিঃ নতুন ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান এবং আরও মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের দুইটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়ে যানচলাচল স্থবির হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ও ভোগড়া এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে একযোগে সড়কে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নাওজোড় এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে শ্রমিকরা এক স্থান থেকে সরে গিয়ে পাশের অন্য পয়েন্টে জড়ো হয়ে পুনরায় সড়ক অবরোধের চেষ্টা চালাচ্ছেন, ফলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে।
অন্যদিকে, একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ওই সড়কেও যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পাশাপাশি একই মহাসড়কের সদর উপজেলার ভবানীপুর এলাকায় পোশাকশ্রমিকরা অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে সেখানেও দীর্ঘ যানজটের তৈরি হয়। পুলিশ সেখানে মাইকিং করে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছে।
শ্রমিক অসন্তোষ ও ভাঙচুরের আশঙ্কায় নাওজোড়, ভোগড়া ও ভবানীপুর এলাকার অন্তত ১৫টি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। কারখানা ছুটি ঘোষণার পর শ্রমিকদের একটি অংশ বাসায় ফিরে গেলেও অনেকেই মহাসড়কের আশপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।
শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কর্মকর্তারা জানিয়েছেন, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের শান্ত করতে এবং জানমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। তবে শ্রমিকদের একটি বড় অংশ ঘোষিত এই ন্যূনতম মজুরিতে অসন্তোষ প্রকাশ করে আজ সকাল থেকেই শিল্পাঞ্চলে বিক্ষোভে নামেন।

