
সাইফুল ইসলাম কবিরঃ প্রকৃতির ‘পরিচ্ছন্নতাকর্মী’ হিসেবে পরিচিত মহাবিপন্ন শকুনের বিলুপ্তি রোধ এবং সংখ্যা পুনরুদ্ধারে প্রথমবারের মতো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের অভ্যন্তরে শুরু হয়েছে আন্তর্জাতিক জোট ‘সেভিং এশিয়াস ভালচারস ফ্রম এক্সটিংশন’ (সেভ—SAVE)-এর ২০২৬ সালের বার্ষিক সম্মেলন।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে পূর্ব সুন্দরবনের ভেতরে ট্যুরিস্ট ভেসেল ‘মালাঙ্গী’-তে দুই দিনব্যাপী (২৫-২৬ নভেম্বর) এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বাংলাদেশ বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আসরে বাংলাদেশসহ ৯টি দেশের ৪৫ জনেরও বেশি প্রাণী গবেষক, বিজ্ঞানী, পশুচিকিৎসক, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

একসময় বাংলাদেশের আকাশে ও বনাঞ্চলে শকুনের অবাধ বিচরণ ছিল। মৃত প্রাণীর দেহাবশেষ দ্রুত পরিষ্কার করে পরিবেশের ভারসাম্য ও জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই পাখির সংখ্যা চার দশক আগেও দেশে ছিল প্রায় অর্ধলাখ। কিন্তু আবাসস্থল সংকট, পশুচিকিৎসায় ব্যবহৃত ক্ষতিকর ওষুধের বিষক্রিয়া ও নানা প্রতিকূলতায় বিপন্ন হতে হতে দেশে শকুনের সংখ্যা বর্তমানে নেমে এসেছে মাত্র ২৪৮টিতে।
সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী ও লাউডোবসহ বিভিন্ন এলাকায় এখনো এই মহাবিপন্ন পাখির দেখা মেলে। মূলত বাংলাদেশের অবশিষ্ট দুটি প্রজনন কলোনির একটির আবাসস্থল এবং দেশের দ্বিতীয় ‘শকুন নিরাপদ এলাকা’র (ভালচার সেফ জোন) কেন্দ্রস্থল হওয়ায় সুন্দরবনকে এই আন্তর্জাতিক সম্মেলনের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণবিদ ইনাম আল হক। অধিবেশনে সভাপতিত্ব করেন ‘সেভ’-এর চেয়ার জেমিমা প্যারি-জোনস এবং স্বাগত বক্তব্য দেন সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ।
বন বিভাগের এই আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত রয়েছে আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এ ছাড়া সম্মেলনটি বাস্তবায়নে সহায়তা করছে দ্য পেরেগ্রিন ফান্ড এবং দ্য রাফোর্ড ফাউন্ডেশন। উল্লেখ্য, এর আগে ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এবং ২০২৫ সালে শ্রীলঙ্কার কলম্বোয় এই জোটের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল।
উদ্বোধনী বক্তব্যে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, “বাংলাদেশ শকুন সংরক্ষণে আঞ্চলিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১৪ সালে ‘দুটি শকুন নিরাপদ এলাকা’ ঘোষণা, ২০১০ সালে পশুচিকিৎসায় ডাইক্লোফেনাক নিষিদ্ধকরণ এবং ২০২১ সালে এশিয়ার প্রথম দেশ হিসেবে কিটোপ্রোফেন নিষিদ্ধ করার মতো যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ এ সাফল্য অর্জন করেছে। পাশাপাশি সম্পূরক খাদ্য সরবরাহ, স্যাটেলাইট ট্র্যাকিং এবং উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি চলমান রয়েছে।”
দুই দিনব্যাপী এই সম্মেলনে প্রতিনিধিরা সমগ্র এশিয়ায় শকুন সংরক্ষণের অগ্রগতি পর্যালোচনা ও বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় করবেন। যেহেতু শকুন প্রায়ই দেশের সীমানা অতিক্রম করে চলাচল করে, তাই এদের দীর্ঘমেয়াদি টিকে থাকার জন্য আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত জরুরি। সম্মেলন থেকে পশুচিকিৎসা ওষুধের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিষক্রিয়া প্রতিরোধ, কৃত্রিম প্রজনন ও আন্তঃসীমান্ত সংরক্ষণে কার্যকর দিকনির্দেশনা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই সম্মেলন শেষ হবে।
