মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ পরিচয় দেওয়া অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

0
মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ পরিচয় দেওয়া অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদকঃ গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন (এসআরবি-১৪) কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে যায়। পরে গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির মতিঝিল ও পল্টন থানার মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. আবুল হাসানের নিজ বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট, কলাবাগান এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে ময়মনসিংহের এসআরবি-১৪-তে বদলি করা হয়।

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনার পরপরই নিজ এলাকার থানায় আগুন দেওয়ার নেপথ্য পরিকল্পনাকারী হিসেবে আবুল হাসানের নাম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের আগে তাকে এসআরবি-১১ ও পুলিশ হেডকোয়ার্টারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক ইঙ্গিত পাওয়ায় গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ ছাড়া ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান ও হামলা চালিয়ে বিএনপি কর্মী মকবুল হোসেনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলারও এজাহারনামীয় আসামি তিনি।

গ্রেপ্তারের পর আবুল হাসানের অতীত কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিএনপির একাধিক নেতা-কর্মী তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলেছেন। কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্যসচিব শাহ আলম সৈকত এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ৫ আগস্টের আগে নিউমার্কেট ও কলাবাগান থানায় কর্মরত থাকাকালে আবুল হাসান প্রকাশ্যে নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ’ বলে পরিচয় দিতেন।

শাহ আলম সৈকতের দাবি, আবুল হাসানের নেতৃত্বে তার বাসায় একাধিকবার অভিযান ও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল। এমনকি ওই সব অভিযানের সময় পরিবারের সদস্যদের ‘ক্রসফায়ারে’ দেওয়ারও হুমকি দিতেন এই পুলিশ কর্মকর্তা।

আবুল হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ এসআরবি-১৪-এর অধিনায়ক মাসুদ রানা জানান, সোমবার রাত ৮টার দিকে ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল এসে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে তাদের হেফাজতে নিয়ে গেছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া ঢাকা ডিবি পরিচালনা করছে।