ভোররাতে খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই আসবাবপত্র

0
ভোররাতে খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই আসবাবপত্র

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইউএনওর কক্ষের সোফা সেট, বড় এলইডি টিভি, আইপিএসসহ গুরুত্বপূর্ণ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে প্রশাসন ও পুলিশ।

আজ বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় ইউএনওর কক্ষে এই আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর সম্মিলিত চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান সকালে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. ইজহারুল হক জানান, রাতে ভবনটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন নৈশপ্রহরী মো. অলি মিয়া এবং গ্রাম পুলিশ জাহেদ মিয়া ও অন্তু দাস। তারা ভবনের নিচতলায় পাহারায় ছিলেন। অন্যদিকে, দ্বিতীয় তলায় অবস্থিত ইউএনওর কার্যালয়টির প্রবেশপথ কেচি গেট দিয়ে তালাবদ্ধ ছিল।

ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ পোড়া গন্ধ পেয়ে নিরাপত্তাকর্মীরা কেচি গেটের তালা খুলে ওপরে উঠে ইউএনওর কক্ষের ভেতরে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা হাতের কাছে থাকা দুটি অগ্নিনির্বাপক স্প্রে (ফায়ার এক্সটিংগুইশার) ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তাদের চিৎকারে আশপাশের কোয়ার্টারের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দা সাজেদুল ইসলাম জানান, ভোররাতে চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। উপজেলা সদরে তাৎক্ষণিক আগুন নেভানোর পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় স্থানীয়রা ছোট ছোট বালতিতে করে সামনের পুকুর থেকে পানি এনে আগুনে ছিটাতে থাকেন। দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ভবনটি পাকা হওয়ায় আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।

অগ্নিকাণ্ডের বিষয়ে ইউএনও অলিদুজ্জামান বলেন, “ভোরে আমার কার্যালয়ে আগুন লাগার খবর পাই। কার্যালয়ের সব দরজা-জানালা ও কেচি গেট ভেতর ও বাইরে থেকে বন্ধ ছিল। তাই প্রাথমিকভাবে বৈদ্যুতিক সংযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে কক্ষের বসার সোফা সেট, একটি বড় এলইডি টিভি, আইপিএসসহ সব আসবাবপত্র এবং পাশের চা তৈরির কক্ষের দরজা পুড়ে গেছে। তবে পাশের অন্য কোনো কক্ষ বা গুরুত্বপূর্ণ নথিপত্রের বড় কোনো ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।”

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, ওপরতলার কক্ষের প্রবেশপথ কেচি গেট ও তালা দিয়ে সুরক্ষিত ছিল। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে সেখানে কোনো ধরনের নাশকতার আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।