পঞ্চগড় প্রতিনিধিঃ উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন জেঁকে বসতে শুরু করেছে শীত। হিমেল হাওয়া আর তাপমাত্রার ধারাবাহিক পতনে জনজীবনে বাড়ছে শীতের প্রকোপ। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা আজ দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে আজ বুধবার ভোর ৬টায় তাপমাত্রা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এরপর সকাল ৯টায় তা আরও কিছুটা কমে ১৩ দশমিক ৫ ডিগ্রিতে নেমে আসে। এ সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৭৭ শতাংশ।
হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় তেঁতুলিয়ায় বরাবরই অন্য এলাকার তুলনায় আগে শীত নামে এবং তীব্রতাও থাকে বেশি। সকালে কুয়াশার চাদর তুলনামূলক কম থাকলেও উত্তরের ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
স্থানীয় হোটেলশ্রমিক লুৎফর রহমান জানান, মঙ্গলবারের তুলনায় আজ সকালে কুয়াশা অনেকটা কম ছিল ঠিকই, কিন্তু ঠান্ডা বাতাস বেশি বইছিল। ভোরে কিংবা সকালে জীবিকার তাগিদে কাজে বের হলে সাধারণ মানুষকে কনকনে শীতের মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও শিশু-বৃদ্ধদের শীতের কষ্ট বেশি হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার বর্তমান গতিধারা অনুযায়ী, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও নিচে নামতে পারে এবং শীতের তীব্রতা ক্রমেই বাড়বে।

