কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা একটি পরিত্যক্ত জিপে (চান্দেরগাড়ী) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। তবে গাড়িটির মালিক মো. ইমরানের দাবি, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
তিনি বলেন, এক সময় পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো জিপটি। তবে দীর্ঘদিন ধরে সেটি ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। হঠাৎ গভীর রাতে গাড়িটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এর আগেই আগুনের লেলিহান শিকায় গাড়িটি ভূস্মিভূত হয়ে যায়। এটি যদি পাগল কিংবা দুর্ঘটনাবশত আগুন লাগার ঘটনা হতো, তাহলে অনেক আগেই এমন কিছু ঘটতে পারত। তার ধারনা, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে।
মহিপুর থানার ওসি মো শামীম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।

