গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে: রুহুল কবির রিজভী

0
গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে: রুহুল কবির রিজভী

বাংলাদেশ প্রতিবেদকঃ বারবার হোঁচট খাওয়ার কারণেই এ দেশে গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতন্ত্রের এই সংকটের স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে বারবার ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ‘শহীদ ডা. মিলন দিবস’ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) প্রাঙ্গণে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. শামসুল আলম খান মিলনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় শহীদ ডা. মিলনের মা সেলিমা আখতার সেখানে উপস্থিত ছিলেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে তার সন্তানের এই মহান আত্মত্যাগের যথাযথ রাষ্ট্রীয় ও সরকারি স্বীকৃতির দাবি জানান।

সাংবাদিকদের ব্রিফিংকালে রুহুল কবির রিজভী দেশের রাজনৈতিক ইতিহাস ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই অপেক্ষাকৃত বেশি কার্যকর। অথচ আওয়ামী লীগ নিজেরাই একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল, কিন্তু পরবর্তীতে ক্ষমতায় এসে তারাই সংবিধান থেকে এই ব্যবস্থা বাতিল করে দেয়। মূলত জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই তারা এমনটি করেছিল।

গণতন্ত্রের ধরন ও অতীতের রাজনৈতিক মেরুকরণের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা বা কাঠামো এক নয়; ভৌগোলিক ও সামাজিক কাঠামো অনুযায়ী গণতন্ত্র একেক দেশে একেক রকম হতে পারে। বিগত ১৭ বছর ধরে দেশের বুকে চেপে বসা ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে নব্বইয়ের পরাজিত স্বৈরাচাররাই প্রধান ভূমিকা রেখেছিল। পাশাপাশি জাসদেরও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের চিহ্নিত ইতিহাস রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতকালে রিজভীর সাথে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও চিকিৎসকরা।

উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী গণআন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন তৎকালীন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন। তার এই আত্মত্যাগের মধ্য দিয়েই সে সময়কার স্বৈরাচারবিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছিল।