বাংলাদেশ প্রতিবেদকঃ ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে এবং বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, অথচ এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট অবস্থান দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিবেশী দেশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির সঙ্গে পার্শ্ববর্তী একটি দেশ অতি উৎসাহে জড়িয়ে পড়ছে এবং তাদের আচরণ মোটেও বন্ধুত্বপূর্ণ নয়। কেউ কেউ বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকিও দিচ্ছে, কিন্তু এ বিষয়ে সরকারের কাছ থেকে এখনো কোনো বক্তব্য বা প্রতিবাদ পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। দেশের সীমান্ত, সার্বভৌমত্ব এবং নাগরিকদের জানমাল ও মর্যাদা রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে সশস্ত্র বাহিনী ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
দেশের চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই সনদ’ এবং গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় দেশ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। তাঁর অভিযোগ, নির্বাচনের পরদিন থেকেই সরকার জাতিকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে। সরকার গঠিত ‘বিশেষ সংবিধান সংশোধন কমিটি’কে অসাংবিধানিক আখ্যা দিয়ে তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের পথে গেলে জাতীয় ঐক্যের উদ্যোগ ভঙ্গুর হয়ে পড়বে এবং পুরোনো ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ তৈরি হবে। সংসদ ও আদালতের মধ্যে কোনো ধরনের লুকোচুরি খেলা তাঁর দল চায় না বলেও তিনি স্পষ্ট করেন।
দেশের আইনশৃঙ্খলা ও সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে জামায়াত আমির অভিযোগ করেন, সারা দেশে বেপরোয়া চাঁদাবাজি, কমিশন বাণিজ্য ও হত্যাকাণ্ড চলছে। এমনকি কন্যাশিশুদের ওপর নির্যাতনের ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এসব অপকর্মের জন্য সরকারদলীয় নেতাকর্মীদের দায়ী করে তিনি বলেন, অতীতের রাজনীতিতে ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতাসীনরা এখন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র আগের মতোই দলীয়করণের পথে হাঁটছে, যা জাতির ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলছে।
সম্প্রতি গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান প্রশ্ন রাখেন, সেখানে সরকারদলীয় তিনজন সংসদ সদস্য থাকা সত্ত্বেও তাঁরা এলাকার নির্যাতিত ও মজলুম মানুষদের কোনো খোঁজখবর নিয়েছেন কি না।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে প্রতিহত করতে এবং ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন জামায়াত আমির। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসার বিষয়ে কথাবার্তা চলছে। তবে জামায়াতে ইসলামী কোনো দলীয় দাবি নিয়ে নয়, বরং জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনা, পরিচ্ছন্ন সমাজ গঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত রাখার মতো জনস্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়েই সেই সংলাপে অংশ নেবে।

