বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোতায়েনকৃত বাহিনীর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া শিল্পনগরী গাজীপুরে ১৯ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, বন্দরনগরী চট্টগ্রামে ৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, পর্যটন জেলা কক্সবাজারে ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো আকস্মিক বা জরুরি প্রয়োজন মোকাবিলায় রিজার্ভ হিসেবে আরও ৪ প্লাটুন বিজিবি সদস্যকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী মাঠে থাকা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন। দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোর গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, মহাসড়ক, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি এমন যেকোনো অপতৎপরতা রুখে দিতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর তদারকি জোরদার করা হয়েছে। আধুনিক নজরদারি ব্যবস্থার অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সংগৃহীত লাইভ ফুটেজ কেন্দ্রীয়ভাবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুদীর্ঘ সীমান্ত পাহারার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা ও চলাচল নির্বিঘ্ন রাখতে বিজিবি সদস্যরা বরাবরের মতো সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

