গাজীপুর প্রতিনিধিঃ ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা শ্রমিক অসন্তোষ এবং তিন দিনের সাধারণ ছুটি শেষে গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত পরিবেশে দলে দলে কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকেরা। সকাল থেকেই অধিকাংশ কারখানার মেশিনের শব্দে মুখরিত হয়ে উঠেছে শিল্পাঞ্চল এবং পুরোদমে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। তবে শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজও খোলেনি বলে জানিয়েছে শিল্প পুলিশ।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার নিবন্ধিত প্রায় সব কারখানাই আজ খোলা রয়েছে। উৎপাদন নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহলও জোরদার করা হয়েছে।
শনিবার সকাল থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সালনা, বাঘের বাজার, মেম্বারবাড়ী, বাংলাবাজার, টঙ্গী, গাজীপুরা, নাওজোর ও শ্রীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে শ্রমিকদের কর্মস্থলে ফেরার এমন ইতিবাচক চিত্র দেখা গেছে। সকাল ৭টার আগে থেকেই কারখানাগুলোর মূল ফটকে শ্রমিকদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।
কারখানার পরিবেশ স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ শ্রমিকেরাও। ভিনটেজ ডেনিম কারখানার শ্রমিক অহেদুল ইসলাম বলেন, ‘বুধবার থেকে টানা তিন দিনের ছুটি ছিল। আজ কারখানা খুলেছে, তাই আমরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে এসেছি। টানা আন্দোলনে মালিকপক্ষের পাশাপাশি আমাদের মতো সাধারণ শ্রমিকদেরও আর্থিক ও মানসিকভাবে অনেক ক্ষতি হয়েছে। এখন কাজ করে সেই ক্ষতি পুষিয়ে নিতে চাই।’
সাবলাইম কারখানার নারী শ্রমিক ইতি আক্তার জানান, সকালে সংসারের কাজ গুছিয়ে যথাসময়ে কর্মস্থলে এসেছেন। কয়েক দিন কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হওয়ায় তাঁর মন খারাপ ছিল। তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পেটের দায়েই রাস্তায় নামতে হয়েছিল। সরকার ও মালিকপক্ষ বেতন কিছুটা বাড়ানোয় শ্রমিকদের অনেক উপকার হয়েছে, যা কেবল নিম্নআয়ের শ্রমিকেরাই ভালো বুঝতে পারেন। আমরা চাই কারখানা খোলা থাকুক এবং আমরা শান্তিতে কাজ করি।’
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘সকাল থেকে গাজীপুরের প্রায় সব কারখানাতেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কোথাও কোনো শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। তবে আগে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা আজও বন্ধ রয়েছে। কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।’
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মজুরি কাঠামো পুনর্নির্ধারণের পর গত বুধবার থেকে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছিল কারখানা কর্তৃপক্ষ।

