অতুল পাল: বাউফলে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। যে কোন সময় শুরু হতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। শনিবার সকালে উপজেলা ছাত্রলীগ হাসান-জামশেদ গ্রুপ শহরের কুন্ডপট্রিস্থ দলীয় কার্যালয় শোক দিবসের আলোচনা সভা আহবান করে। অপর দিকে ছাত্রলীগ ত্বোহা-অভি গ্রুপ একই দিন একই সময়ে শোক র্যালীর আয়োজন করে। বেলা সাড়ে ১১টার দিকে ত্বোহা-অভি গ্রুপ শোক র্যালী নিয়ে কুন্ডপট্টিস্থ অপর গ্রুপের কার্যালয়ের সামনে দিয়ে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। ত্বোহা অভিযোগ করেন, এসময় হাসান-জামশেদ গ্রুপ তাদের কার্যালয়ের সমানে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করলে তাদের পক্ষের ছাত্রলীগ নেতা আশিক (২০) ও জিসান (২১)সহ ৩ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, র্যালির পর ত্বোহা গ্রুপ ও হাসান গ্রুপ মারমুখি হয়ে উঠে। এক পক্ষ থানার পাশে মসজিদের সামনে এবং অপর পক্ষ পৌর আওয়ামী লীগের কার্যালয়ে সামনে অবস্থান করে শ্লোগান দিতে থাকে। তখন এদের অনেকের হাতে ধারালো অস্ত্র দেখা যায়। প্রায় ঘন্টা ব্যাপী মারমুখি অবস্থানে থাকার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত হয়। গতকাল শুক্রবারও বিকালে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং ত্বোহা গ্রুপের কয়েকটি মটর সাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে। উল্লেখ্য, সম্প্রতি ছাত্রলীগের কমিটি বৈধ ও অবৈধ নিয়ে বির্তকের সৃষ্টি হয়। এ নিয়ে গত দুই দিন পর্যন্ত উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। ত্বোহা-অভি গ্রুপটি বর্তমান এমপি আ.স.ম. ফিরোজের সমর্থক এবং হাসান-জামশেদ গ্রুপটি পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের সমর্থক হিসেবে বাউফলে অবস্থান করছে। এদিকে পরিস্থতি শান্ত রাখতে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।

