কাঁঠালিয়ায় ৯১ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

0
কাঁঠালিয়ায় ৯১ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

রেজাউল ইসলাম পলাশ: ঝালকাঠির কাঁঠালিয়ায় অস্বচ্ছল মেধাবী ৯১ জন ছাত্রীদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে বাল্যবিবাহ বিরোধী দুরন্ত কাঁঠালিয়ান নেটওয়ার্ক সদস্যদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়। বাংলাদেশ সরকারের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪০টি বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে জেলা প্রশাসক মো.জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে এ সাইকেল তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান উজির সিকদার, অফিসার ইনচার্জ এনামুল হক, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন খান, প্রধান শিক্ষক মো.হারুন অর রশীদ ও শিক্ষার্থী উম্মে হাবিবা প্রমুখ।
নতুন বাই সাইকেল পেয়ে উল্লসিত এক শিক্ষার্থী বলেন, অনেক খুশি হয়েছি। স্কুল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আমাদের বাড়ি হেঁটে আসতে অনেক সময় লাগতো। এখন বাইসাইকেল চালিয়ে অল্প সময়ের মধ্যে স্কুলে আসতে পারবো। এতোদিন শুধু ছাত্ররা সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসতো। এখন থেকে আমরাও তাদের সাথে সাইকলে চালিয়ে বিদ্যালয়ে আসবো। ছাত্রদের সাথে আমাদের ব্যবধান অনেকাংশেই কমে আসবে।