বাংলাদেশ ডেস্ক: নিয়মরক্ষার ম্যাচে আজ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হারলো বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
চার ম্যাচ খেলে সবকটিতেই হেরে ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। অন্যদিকে সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে দুটিতে জিতেছে অস্ট্রেলিয়া। তাই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেই ফিঞ্চ-ওয়ার্নারদের।
টি-টোয়েন্টির ক্ষুদ্র এই ফরম্যাটে এর আগে ৯ ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া আর চার ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশে আছে এক পরিবর্তন। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এক পরিবর্তন আছে অস্ট্রেলিয়া একাদশেও। অ্যাশটন অ্যাগারের জায়গায় ফেরানো হয়েছে মিচেল মার্শকে।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান
অস্ট্রেলিয়া একাদশ:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, মিচেল মার্শ, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স।

