শ্রীপুরে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, গুরুতর আহত আরও ৬ জন

0

বাংলাদেশ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে গাড়ারন বেপারীবাড়ী মসজিদের ইমামের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ৩ জন নিহত হয়েছে। এ সময় আরো ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ত্রিমোহনি-পাগলা সড়কের আহালিয়ার টেক নামক স্থানে এ দর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – গাড়ারন গ্রামের শহর আলী বেপারীর ছেলে কফিল উদ্দিন (৪০), তার ভাই আমির উদ্দিন (৪৫) ও একই এলাকার আব্বাস আলীর ছেলে নায়েব আলী (৭৫)। এছাড়া গুরুতর আহত অবস্থায় অটোচালক সাইফুল ইসলাম (৩৮) ও হারেছকে (৪৫) প্রথমে শ্রীপুর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের বাড়ির জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াদুদের বাড়িতে বেড়ানোর জন্য তারা কয়েকটি অটো ও মোটরসাইকেলে করে গফরগাঁও থানার পাগলা এলাকায় যাওয়ার পথে ত্রিমোহনি-পাগলা সড়কের আহালিয়ারটেক নামক স্থানে সড়কের পিচঢালাইয়ের কাজে ব্যবহৃত রোলারের সাথে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন, হাসপাতালে আনার পর কফিল উদ্দিন মারা যান এবং আমির উদ্দিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, আবেদনের প্রেক্ষিতে তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।