আ. লীগের ঝটিকা মিছিল থেকে এ পর্যন্ত ৩ হাজারের বেশি গ্রেপ্তার: ডিএমপি

0
আ. লীগের ঝটিকা মিছিল থেকে এ পর্যন্ত ৩ হাজারের বেশি গ্রেপ্তার: ডিএমপি

বাংলাদেশ প্রতিবেদকঃ চলতি বছর ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার দুপুর পর্যন্ত রাজধানীর খিলক্ষেত, উত্তরা, বাড্ডা, বনানী, বিজয়নগর ও শেরেবাংলা নগর থানা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ঝটিকা মিছিল থেকে ৩ হাজারের বেশি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি- ঢাকার বাইরে থেকেও অনেকে এসে ঝটিকা মিছিলে অংশ নিচ্ছে। এর পেছনে অনেকেই অর্থায়ন করছে, প্রতিটি মিছিলে অংশগ্রহণের জন্য একটি সুনির্দিষ্ট অঙ্কের টাকাও দেয়া হচ্ছে। তাদের মূল উদ্দেশ্য নিজেদের অস্তিত্বের জানান দেয়া এবং ঢাকা মহানগরীতে জনমনে আতঙ্ক সৃষ্টি করা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা গ্রেপ্তারের পর তাদের পূর্বাপর ইতিহাস যাচাই-বাছাই করে দেখছি। সেটি যাচাই-বাছাইয়ের পরই সংশ্লিষ্ট মামলায় তাদের চালান দেয়া হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার রাজধানীতে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।