রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে মানবিক আচরণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং মামলা তদন্তে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) আরএমপি সদর দপ্তরে অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।
সভায় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পুলিশ কমিশনার অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো, কমিউনিটি ও বিট পুলিশিং জোরদার এবং থানার কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি কোনো চাপ বা প্রভাবে মামলা তদন্তে পক্ষপাত না করার নির্দেশ দেন।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে আরএমপির মাদকবিরোধী অভিযানে ২০ দশমিক ১০ গ্রাম হেরোইন, ৫ কেজি ৩২৬ দশমিক ৪০ গ্রাম গাঁজা, ৭৪৭ পিস ইয়াবা, ৪ হাজার ৭৮৪ পিস ট্যাপেন্টাডল, ১২ বোতল অ্যালকোহল ও ৭১ দশমিক ৪২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৩০টি মামলা দায়ের এবং ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ১৯৫টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে। আদালত ও মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অপরাধে ২৮ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

