সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার আলোকদিয়ায় বালু তোলা নিয়ে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা হয়। এ সময় চারজ পুলিশ ও তিনজন গ্রামবাসী আহত হয়েছে বলে জানা যায়। আহত পুলিশ সদস্যরা হলেন- খোকন, সোহেল, শফিকুল ও সাইদ আর আহত গ্রামবাসীরা হলো- সাকওয়াত (৩০), ইউনুস (১২) ও ফনি (২৫)। আলোকদিয়া গ্রামবাসী মনিরুল ইসলাম, শরিফ হোসেনসহ আরো ক’জন জানান, ফুলঝোড় নদীতে উপজেলা প্রশাসন থেকে বালু মহালের চিহিৃত সীমানার বাইরে বালু তোলার উদ্যোগ নেওয়া হয়। এসময় গ্রামের লোকজন তা ঠেকাতে গেলে এ বালু উত্তোলনকারী শ্রমিক, পুলিশের মধ্যে গ্রামবাসীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড মোঃ তাজুল হুদা জানান, নৌকায় পুলিশ সদস্যগণ সেখানে টহল দেয়া কালে গ্রামবাসীরা তাদের উপর হামলা চালায়। এতে চারজন পুলিশ সদস্য আহত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এর জন্য উপজেলা প্রশাসন থেকে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের ও গ্রামবাসীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার মুল কারণ খতিয়ে দেখা হবে। এখানে উল্লেখ্য আলোকদিয়া গ্রামের শতাধিক ব্যাক্তি গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন থেকে চিহিৃত সীমানার বাইরে থেকে বালু তোলা বন্ধে মানববন্ধন ও স্বারকলিপি দেয়।

