লক্ষ্মীপুরে দুদকের অভিযানে বিদ্যুৎ গ্রাহকদের অতিরিক্ত টাকা ফেরত

0
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের হল রুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত সভায় গ্রাহকদের মাঝে টাকাগুলো ফেরত দেওয়া হয়।

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে ৩৬ জন গ্রাহক থেকে হাতিয়ে নেওয়া অতিরিক্ত ১ লাখ ৪১ হাজার ৯৮৪ টাকা ফেরত দিয়েছে দালাল। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত সভায় গ্রাহকদের মাঝে টাকাগুলো ফেরত দেওয়া হয়। দুদকের নোয়াখালী আঞ্চলিক সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, একজন বিদ্যুৎ গ্রাহকের অভিযোগের ভিত্তিতে গত ১১ নভেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে দুদক অভিযান চালায়। গ্রাহকদের তথ্য ও পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে তদন্ত করে ৩৬ জন গ্রাহক থেকে অতিরিক্ত টাকা নেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে পল্লীবিদ্যুতের ঠিকাদার স্বপন বড়–য়ার সহযোগীতায় দালালের কাছ থেকে গ্রাহকদের অতিরিক্ত ১ লাখ ৪১ হাজার ৯৮৪ টাকা টাকা আদায় করা হয়। মঙ্গলবার দুপুরে প্রতি গ্রাহককে ৩ হাজার ৯৮৪ টাকা করে ফেরত দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দুদকের নোয়াখালী আঞ্চলিক সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক সুবেল আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শাহজাহান কবীর ও সমিতি বোর্ডের সভাপতি মনিরুল ইসলাম।