বান্দরবানে প্রবাসীর গর্ভবতী স্ত্রীকে বেঁধে রেখে রাতভর ধর্ষণ

0

বাংলাদেশ প্রতিবেদক: বান্দরবানের লামায় দুর্বৃত্তরা এক প্রবাসীর গর্ভবতী স্ত্রীকে বেঁধে রেখে রাতভর ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তরা ওই ঘরে লুটপাটও করেছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার রূপসীপাড়ার বৈদ্যঁভিটা এলাকায়। সকালে পুলিশ ওই বাড়িতে গিয়ে রশি দিয়ে বাঁধা অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘরে প্রবাসীর স্ত্রী ও তার দু’শিশু ছিল। রাত ২টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা ওই নারীর মুখ চেপে ধরে। এ সময় অপরাধীরা দু’শিশুকে ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে ওই নারীকে রাতভর যৌন নির্যাতন ও মারধর করা হয়। এ সময় দুর্বৃত্তরা বাড়ির আলমারি, ওয়ারড্রব ও শোকেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

সকালে প্রতিবেশীরা ঘটনা আঁচ করতে পেরে পুলিশকে খবর দেন। লামা থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় রশি কেটে ওই নারীকে উদ্ধার করা হয়। তাকে জেলা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হচ্ছে।

এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী জানান, ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন যে এ ঘটনায় তার দেবর জড়িত রয়েছেন। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।