রংপুরে ঔষধ ফ্যাক্টরিতে অভিযান, ১০লাখ টাকার ওষুধ জব্দ

0

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ঔষধ ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ১০লাখ টাকার ওষুধ জব্দ করেছে । সেই সাথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঔষধ আইনে প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ উক্ত প্রতিষ্ঠানকে সকল ত্রুটি সংশোধন করে উৎপাদন করার আদেশ দিয়েছেন।

পুলিশ জানায় বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানের অপারেশন পরিকল্পনা ও নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতয়ালী থানাধীন ১৭ নং ওয়ার্ডস্থ সাতগারা মিস্ত্রীপাড়া ‘কনফিডেন্ট এগ্রো ভেট’ ঔষধ ফ্যাক্টরীতে অভিযান পরিচালানা করে গৃহপালিত পশুর বিপুল পরিমাণে পুষ্টি জাতীয় খাবার ও মেডিসিন উদ্ধার করা হয়। এছাড়াও উক্ত প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রকার প্রাণীজ পুষ্টি জাতীয় খাবার নামীয় অননুমোদিত ঔষধ সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়। এসময় গোয়েন্দা পুলিশ উক্ত ফ্যাক্টরীর দূর্বলতা লক্ষ্য করেন যেমন ড্রাগ লাইসেন্স নেই , কেমিক্যাল খোলা জায়গায় অরক্ষিত এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, যেমন- মাস্ক, গ্লাভস অ্যাপ্রোন পরিহিত ছিল না।

এরপর রংপুরঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালকের উপস্থিতিতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঔষধ আইনের ১৯৪০ এর ১৮(ক) ও ১৮(গ) ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ উক্ত প্রতিষ্ঠানকে সকল ত্রুটি সংশোধন করে উৎপাদন করার আদেশ দেয়া হয়।

উল্লেখ্য যে, রংপুর মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।