স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। রোদ্রতপ্ত চৈত্র মাসে দিনের বাতাস মরু অঞ্চলের মতো আগুনের হল্কা ছড়াচ্ছে। দিনের বেলায় চৈত্রের খাঁ খাঁ রোদ ও গরমের তীব্রতা। ঈশ্বরদীসহ আশেপাশের বেশির ভাগ এলাকাজুড়ে গত কয়েকদিন ধরেই আবহাওয়া পরিস্থিতি এমনই। ঈশ্বরদীর ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। শনিবার ( ৮ এপ্রিল) বিকেল ৩টায় এখানকার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রী রেকর্ডের খবর পাওয়া গেছে।
বৃষ্টির দেখা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বেড়ে যাওয়ায় আবহাওয়ায় বৈপরিত্য সৃষ্টি হয়ে দিনে গরম আর রাতে শীত অনুভূত হচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। শুক্রবারের (৭ এপ্রিল) তাপমাত্রা ছিলো ৩৭.২ ডিগ্রী। ঈশ্বরদী আবহাওয়া অফিসের স্টেশনের আবহাওয়াবিদ নাজমুল হক জানান, গত কয়েকদিন ধরে ঈশ্বরদীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রী এবং সর্বোচ্চ ৩৭.৬ ডিগ্রীর মধ্যে ওঠানামা করছে।
এরইমধ্যে শনিবার দুপুরের পর শহরে দুই দফায় বিদ্যুৎ ছিলো না। বিদ্যুৎ বিভাগ বলছে, আমাদের এখানে লোডসেডিং নেই, ঢাকা থেকে সেন্ট্রালই বিদ্যুৎ বন্ধ ছিলো। আবহাওয়ার বিরূপ প্রবাহের সাথে সাথে বিদ্যুৎ বন্ধ থাকায় দুর্বিষহ জীবন যাপন করছেন ঈশ্বরদীবাসী।

