আবুল কালাম আজাদ: কুড়িগ্রামের উলিপুরে কর্তব্যরত চার পুলিশকে মারধর ও সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে ফজলুল হক জীবন (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মারধরের ঘটনায় চারজন পুলিশ আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, রোববার (২৩ জুলাই) বিকালে গুনাইগাছ মোড় এলাকায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আটকৃত ব্যাক্তিসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সোমবার (২৪ জুলাই) বিকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, পৌর শহরের গুনাইগাছ মোড়ে পুলিশ চেক পোষ্টে ডিউটি করছিলেন। এ সময় একটি মটরসাইকেলে উলিপুর বাজার থেকে গুনাইগাছ মোড়ের দিকে হেলমেট বিহীন দুই ব্যক্তি যাচ্ছিলেন। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা তাদের থামতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করে হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্রের কথা জিজ্ঞাসা করলে মোটরসাইকেল আরোহী জীবন তাদের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হন। এক পর্যায়ে হুমকি দিয়ে বলেন যে ‘‘আমার মোটর সাইকেল আটক করে মামলা দিলে, তোরা কি উলিপুর থানায় চাকুরী করতে পারবি, তোদেরকে এখনই উলিপুর থানা থেকে বদলী করে দিব”। এ সময় এস আই মশিউর রহমান কাগজপত্র দেখতে চাইলে জীবন ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করেন। ঘটনা দেখে অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ এগিয়ে আসলে জীবন তাদেরকে এলোপাথারী ঘুষি মেরে আহত করেন।
এ ঘটনায় এসআই মশিউর রহমান, এএসআই সালেম মওলা, সদস্য রমজান ও আতোয়ার মিয়া আহত হন। এরপর জীবন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করেন। এ ঘটনার সময় জীবনের সাথে থাকা অপর একজন পালিয়ে যান। আটক ফজলুল হক জীবন উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কামাল খামার গ্রামের নুরুল আমিনের ছেলে বলে জানা গেছে। পরে আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।
এ ঘটনায় উলিপুর থানার এস আই মশিউর রহমান বাদী হয়ে কর্মকর্তাদের মারধর ও সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে ফজলুল হক জীবনসহ দুইজনের বিরুদ্ধে সোমবার (২৪ জুলাই) থানায় মামলা দায়ের করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানান, রোববার চারজন পুলিশ কর্মকর্তা ও সদস্য জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তারা সুস্থ আছেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মতুর্জা বলেন, কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের মারধর ও সরকারি কাজে বাঁধাদানের ঘটনায় আটক যুবকসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার বিকালে আটককৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

