বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদের সচিব হোসেন মোহাম্মদ সরোয়ার্দিকে জীবিত ব্যাক্তির নামে মৃত্যু সনদ দেয়ার অপরাধে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী ওই ইউপি সচিবের জামিন আবেদন না মনজুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে জীবিত ব্যাক্তির নামে মৃত্যু সনদ দেয়ায় আদালত ওই সচিবের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। প্রেক্ষিতে ৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে ইউপি সচিব হোসেন মোহাম্মদ সরোয়ার্দী সংশ্লিষ্ট আদালতে আত্নসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন । আজ ৯ নভেম্বর বৃহস্পতিবার আদালতের বেঞ্চ সহকারি (পেশকার) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সুত্রে জানা গেছে , উপজেলার সোনাতনী ইউনিয়নের রহম আলির ছেলে বাবু মিয়া মাদক মামলায় সিরাজগঞ্জ জেল হাজতে রয়েছে। গত ৪ অক্টোবর আমজাদ হোসেন নামে এক ব্যাক্তি বাবু মিয়ার ছোট ফুপু ডালিয়া খাতুন মারা গেছেন মর্মে তার মৃত্যু সনদ আদালতে জমা দিয়ে বাবু মিয়ার জামিনের জন্য আবেদন করেন। কিন্তু মৃত্যু সনদটি সন্দেহ হওয়ায় আদালত বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য থানা পুলিশকে নির্দেশ দেয় । বাবু মিয়ার ফুফু সোনাতনী ইউনিয়নের ছোট চামতারা গ্রামের মোহাম্মদ আলির স্ত্রী মোছাঃ ডালিয়া খাতুন এখনো জীবিত আছেন এবং ডালিয়া খাতুনের নামে প্রদত্ত মৃত্যু সনদটি ভুয়া উল্লেখ করে পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে আদালত পুলিশের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ইউপি সচিব হোসেন মোহাম্মদ সরোয়ার্দি ও মাদক মামলার আসামি বাবুর নিকট আত্মীয় আমজাদ হোসেনকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
এ ব্যাপারে সোনাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জানান. ওই মৃত্যু সনদে আমি স্বাক্ষর করিনি। ওটা আমার স্ক্যান করা স্বাক্ষর। পারস্পরিক যোগসাজশে ওই মৃত্যু সনদ তৈরি করা হয়েছে।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হলে ইউপি সচিবের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

