রংপুরে নাশকতার অভিযোগে কৃষকদলের লাবুসহ  ১০ জন গ্রেফতার

0
রংপুরে নাশকতার অভিযোগে কৃষকদলের লাবুসহ  ১০ জন গ্রেফতার

জয়নাল আবেদীনঃ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষকদলের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ি শাহ নেওয়াজ লাবুসহ ১০ জনকে গ্রেফতার করেছে মেট্রো পুলিশ।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে রংপুর নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পুুলিশ বলছে চলমান অবরোধ কর্মসূচিতে নাশকতা করার প্রস্তুুতির সময় তাদেরকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা কলেজ রোড ও লালবাগ এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন গ্রেপ্তারের পর সাংবাদিকদের বলেন, সোমবার সকাল সাড়ে আটটায় দিকে উল্লেখিত স্থানে নাশকতার প্রস্তুতির ঘটনায় হাতেনাতে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ লাবুসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও পৃথক আরেক অভিযানে নাশকতা মামলার আসামি রংপুর মহানগরীর পরশুরাম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছামছুজ্জামান ওরফে শুখীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিন সোমবার সকাল থেকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডসহ নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, যাত্রী অভাব ও নিরাপত্তার আশঙ্কায় ঢাকা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, যশোর, খুলনাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না।

তবে হাতেগোনা কয়েকটি আন্তঃজেলা বাস চলাচল করতে দেখা যায়। এছাড়া অন্যান্য দিনের মতো ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।