জয়নাল আবেদীনঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং অধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য।
একাধিক রাজনৈতিক দল নির্বাচনে তাদের প্রার্থী দেবে। প্রতিদ্বন্দিতামূলক, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের কাংখিত প্রার্থীকে বেছে নেবে। জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
আজ বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জে রংপুর-৬ আসনে তার মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি । দুপুর ১২টার দিকে রংপুর-৬ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমাদানের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রংপুর-৬ আসনে নির্বাচনের জন্য নৌকার প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র জমা দিয়েছি। পীরগঞ্জবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনে গত নির্বাচনে এই আসন থেকেই নির্বাচিত হয়েছিলাম। আগামী নির্বাচনেও পীরগঞ্জবাসীর সমর্থন কামনা করছি।
তিনি বলেন পীরগঞ্জের জনগণের উন্নয়নের জন্য কাজ করেছি আর তাই পীরগঞ্জের জনগণের সমর্থন ও দোয়া প্রত্যাশা করছি।
এসময় আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য সাবেক সাংসদ এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, সহ-সভাপতি মকবুল হোসেন সরদার, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, উপজেলা প্রশাসনের সদস্যরা, স্থানীয় ও জেলাপর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

