জয়নাল আবেদীনঃ “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এই প্রতিপাদ্য‘র সঙ্গে সঙ্গতি রেখে রংপুরে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস- পালন করা হয়।
রবিবার সকালে নগরীর জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর রংপুরের আয়োজনে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মান্নান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া, অতিরিক্ত সিভিল সার্জন আখতারুজ্জামান প্রমূখ। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (অ:দা:) মোশারফ হোসেন।অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা, আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।

