জয়নাল আবেদীন: রংপুর বিভাগের ৩৩টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৯০ জন প্রার্থী। এর মধ্যে ১০টি আসনে ১৫ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭টি রাজনৈতিক দলের মধ্যে ৫টি দলের হয়ে লড়বেন নারী প্রার্থীরা । এর মধ্যে আবার স্বতন্ত্র নারী প্রার্থী রয়েছে ৬ জন।
এছাড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী থেকে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর-৩ আসন থেকে ঈগল প্রতীকে লড়বেন আনোয়ারা ইসলাম রানী।রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে রংপুর বিভাগের ৮ জেলার ৩৩টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৯৬২ জন। ভোটার তালিকা অনুযায়ী এসব আসনে নারী ভোটার ৬৬ লাখ ৫১ হাজার ৪১ জন এবং পুরুষ ভোটার রয়েছে ৬৬ লাখ ৪৮ হাজার ৮২৪ জন। রংপুর বিভাগে পরুষের তুলনায় ২ হাজার ২১৭ জন নারী ভোটার বেশি। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯৭ জন। রংপুর বিভাগের ৮ জেলার ৩৩টি আসনে নোনয়নপত্র জমা দেন ২৩ জন নারী, আর ২শ৫৫ জন পুরুষ। সব মিলিয়ে ২শ৭৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই এবং ইসিতে আপিল শেষে বৈধ হন ২শ১৫ জন। সব শেষে বর্তমানে আছেন ১৯০ জন। যার মধ্যে নারী প্রার্থী মাত্র ১৫ জন। যদিও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ এর তৃতীয় সংশোধনী অনুসারে, রাজনৈতিক দলগুলোকে কেন্দ্রীয় কমিটিসহ সব পদে অন্তত ৩৩ শতাংশ নারী রাখার কথা। তবে, বাস্তবতা ভিন্ন। কোনো বড় রাজনৈতিক দল এই বাধ্যবাধকতা পালন করতে পারেনি ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ২ জন নারী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।
জাতীয় পার্টি থেকে রয়েছে একজন, ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি’র ৩ জন, বাংলাদেশ কংগ্রেসের ২ এবং বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে একজন। এছাড়া আছে ছয় স্বতন্ত্র প্রার্থী।বর্তমানে রংপুর বিভাগে যেসব নারী দলীয় ও স্বতন্ত্র প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।উত্তরের বিভাগীয় রংপুর জেলার ছয়টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএফ, ইসলামী ঐক্যফ্রন্টসহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র মিলে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদের মধ্যে শুধুমাত্র রংপুর-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায় (ডাব প্রতীক) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (নৌকা প্রতীক) এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী (কাঁচি প্রতীক) নারী হিসেবে ভোট যুদ্ধে লড়ছেন। নীলফামারী-৩ (জলঢাকা) আসনে স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা (ঈগল প্রতীক) নির্বাচন করছেন।ঠাকুরগাঁও জেলায় নির্বাচনে লড়ছেন ১৩ জন। এর মধ্যে দুটি আসনে তিনজন নারী রয়েছে। এরা হলেন ঠাকুরগাঁও-২ (হরিপুর, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলার আংশিক কাশিপুর ও ধর্মগড় ইউনিয়ন) আসনে জাতীয় পার্টির মোছা. নুরুন নাহার বেগম (লাঙ্গল প্রতীক) ও বাংলাদেশ কংগ্রেসের মোছা. রিম্পা আকতার (ডাব প্রতীক) এবং ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি (ঈগল প্রতীক)।দিনাজপুর ৩ (সদর) আসনে ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি মনোনীত পারুল সরকার লিনা (আম প্রতীক) এবং দিনাজপুর-৪ (চিরিরবন্দর খানসামা) আসন থেকে একই দলের আম প্রতীক নিয়ে লড়ছেন আজিজা সুলতানা।গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোট যুদ্ধে লড়ছেন ৩৪ জন প্রার্থী। এদের মধ্যে তিনটি আসনে ছয়জন প্রার্থী নারী। এরা হলেন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে আইরিন আক্তার (বাংলাদেশ কল্যাণ পার্টি), মর্জিনা খান (ন্যাশনাল পিপলস পার্টি-এনএনপি), আব্দুল্লাহ নাহিদ নিগার (স্বতন্ত্র), গাইবান্ধা-২ সদর আসনে মোছা. মাছুমা আক্তার (স্বতন্ত্র), গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি (আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান সংসদ সদস্য) এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ফারজানা রাব্বি বুবলি (স্বতন্ত্র-আওয়ামী লীগ)।বর্তমানে ভোটযুদ্ধে থাকা নারীর সংখ্যা হাতেগোনা হলেও ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতার আলোচনায় আছেন বেশ কয়েকজন। যার মধ্যে হেভিওয়েট প্রার্থী রংপুর-৬ আসনের বর্তমান সংসদ সদস্য স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং গাইবান্ধা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
এছাড়া প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নেওয়া তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীও আছেন সাধারণ ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। রানী লড়বেন রংপুর-৩ আসনে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (লাঙ্গল)‘র সঙ্গে .

