জয়নাল আবেদীন: রংপুর-৫ মিঠাপুকুর আসনের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার ও তার সমর্থকরা নির্বাচনে কারচুপির আশঙ্কা করেছেন। তাদের অভিযোগ বর্তমান সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান ও তার ছেলে আওয়ামী লীগ মনোনীত রাশেক রহমান জনগণের রায় পাল্টিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্তে রয়েছেন।
বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর উপজেলার নয়ারহাট বাজার, নয়েনপুর মধ্যপাড়া, হুলাশুগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় ট্রাক প্রতীকের প্রার্থী ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার এই আশঙ্কার কথা তুলে ধরে বক্তব্য দেন। এ সময় নির্বাচনে কারচুপির চেষ্টা প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।জাকির হোসেন সরকার বলেন, বর্তমান এমপি আশিকুর রহমান প্রতিটি পদে পদে ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করেছে। আমার জনপ্রিয়তায় ভয় পেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছেন। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।তিনি আরও বলেন, ৪০ বছর ধরে আমি মিঠাপুকুরে আছি। ভোট নিয়ে অন্যদের মতো পাঁচ বছরের মধ্যে তিন বছর আমেরিকায় আমি থাকব না। আমি আপনাদের মাঝেই থাকব। ভোট কারচুপি করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। ৭ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় আপনারা ভোটকেন্দ্রে যাবেন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত থাকবেন। কোনো অপশক্তি ভোটে কারচুপির চেষ্টা করলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। নির্বাচিত হলে মিঠাপুকুরের সকল রাস্তা পর্যায়ক্রমে পাকা করার ঘোষণা দেন তিনি। উপজেলা আওয়ামীলীগের বৃহৎ একটি অংশ জাকিরের সাথে নির্বাচনী প্রচারণায় আছেন ।
স্বতন্ত্র ট্রাক প্রতীকের আরেক নেতা নাম প্রকাশের না করার শর্তে জানান, সংসদ সদস্যপুত্র হিসেবে রাশেক রহমান ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছেন। কিন্তু জনগণের ধৈর্য হারালে এই আসনে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা আছে। জাকির হোসেন সরকার স্বতন্ত্র হলেও তিনি আওয়ামী লীগের বাইরের কেউ নন। এখানে জনপ্রিয়তা প্রমাণের সুযোগ রয়েছে। সেটা ৭ জানুয়ারির ভোটে প্রমাণ হবে।এ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমানের (নৌকা) সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের (ট্রাক)। এই আসন থেকে আরেক প্রার্থী জাতীয় পার্টির আনিছুর রহমান ।রংপুর-৫ আসনে ভোটার রয়েছে ৪ লাখ ৪০ হাজার ৩শ৩৫ জন।

