শাহজাদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত

0
শাহজাদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা বেলি ব্রীজে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রোকেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত রোকেয়া বেগম শাহজাদপুর পৌরসভার খঞ্জনদিয়ার মহল্লার আব্দুল মতিন শেখের স্ত্রী। ঘঠনাটি ঘটেছে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে চিকিৎসার জন্য রোকেয়া বেগম এক প্রতিবেশীর সাথে নিজ বাসভবন থেকে পোতাজিয়া গ্রামে স্থাপিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। চিকিৎসা শেষে ঔষধ পত্র নিয়ে বেলা ২ টার দিকে রোকেয়া বেগম ব্যাটারী চালিত ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শাহজাদপুর – পোতাজিয়া সড়কের মাদলা বেলি ব্রীজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাকের সাথে ওই ভ্যানের সংঘর্ষ হয় । এসময় রোকেয়া বেগম ভ্যান থেকে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় উত্তেজিত এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে সড়ক অবরোধ করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় রোকেয়া বেগমের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনায় গৃহবধূ রোকেয়া বেগমের নিহত হওয়ার সংবাদ ছড়িলে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।