চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন পূর্ব ও পরবর্তী ৪০ টি সহিংসতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে

0
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন পূর্ব ও পরবর্তী ৪০ টি সহিংসতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নির্বাচন পূর্ব এবং পরবর্তী প্রায় ৪০টি সহিংসতার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখার দাবি জানিয়েছে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মির্জা শাহাদাৎ হোসেন খুররম।
আজ বুধবার দুপুরে শিবগঞ্জ আওয়ামী লীগ অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। মির্জা শাহাদাৎ হোসেন খুররম অসুস্থ থাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নৌকার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক কারিবুল হক রাজিন।
লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচনের আগে ও পরে আওয়ামী লীগের নৌকার কর্মী-সমর্থকদের অন্তত ৪০টি স্থানে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের লোকজন হামলা, লুটপাট, ভাঙ্গচুরের ঘটনা ঘটায়। এতে প্রায় ১০-১২জন আহত হয়। এমনকি নয়ালাভাঙ্গা ইউনিয়নের তাঁতীপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দিরসহ হিন্দুদের ক্লাবসহ বাড়িঘরে হামলা ও লুটপাটসহ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এছাড়া বিনোদপুর ইউনিয়নের বাখরালি বিশ্বনাথপুরে স্বতন্ত্র প্রার্থীর লোকজন নৌকার ৩জন কর্মীর বাড়িতে হামলা ও ভাঙ্গচুর করে। এতে ৩জন গুরুতর আহত হয়। শুধু তাই নয় নির্বাচন পূর্ব এবং পরবর্তী প্রায় ৪০টি স্থানে সহিংসতার ঘটনা ঘটায় স্বতন্ত্র প্রার্থীর মাস্তান বাহিনী। এতে করে উজেলঅর ১৫টি ইউনিয়নসহ একটি পৌর এলাকায় এখনও আতংক বিরাজ করছে। তবে প্রত্যেকটি ঘটনা পুলিশকে জানানো হলেও পুলিশ এখনও কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বর্তমানে এলাকায় আতংক বিরাজ করায় শান্তি-শৃংখলা বজায় রাখতে প্রশাসনসহ প্রদানমন্ত্রীর আশু দৃষ্টি কামনা করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম টিয়া, চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু মিয়া, দাইপুখুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর রেজাসহ আ.লীগ ও যুবলীগ নের্তৃবৃন্দ।