রংপুর বিভাগে তিন নারী সংসদ সদস্য নির্বাচিত

0
রংপুর বিভাগে তিন নারী সংসদ সদস্য নির্বাচিত

জয়নাল আবেদীন: রংপুর বিভাগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৩৩টি আসনের দশটিতে ১৫ জন নারী সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দি¦তায় অংশ নেন। এরমধ্যে ৫টি দলের হয়ে লড়েছেন নয়জন। আর বাকি ছয় নারী ছিলেন স্বতন্ত্র প্রার্থী।

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যালট যুদ্ধে নির্বাচিত তিনজনের মধ্যে একজন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী এবং বাকি দুজন আওয়ামী লীগ মনোনী নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত।

রংপুর-৬ আসনে ড. শিরীন শারমিন চৌধুরী (আওয়ামীলীগ), গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি (আওয়ামীলীগ )এবং গাইবান্ধা-১ আসনে আব্দুল্লাহ নাহিদ নিগার (স্বতন্ত্র)রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকা প্রতীকে ড. শিরীন শারমিন চৌধুরী ১ লাখ ৮ হাজার ৬শ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮শ৩২ ভোট।গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১শ১৪ কেন্দ্রে ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন ঢেঁকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৪৩ হাজার ৪শ৯১ ভোট।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ি- সাদুল্লাপুর) আসনে ৫৭ হাজার ১শ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মফিজুল হক সরকার ঈগল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৩শ৮২ ভোট।রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় বিভাগের আট জেলার ৩৩টি আসনে এবার দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন ২৩ জন নারী। যাচাই-বাছাই, প্রত্যাহারসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে ভোটে ছিলেন ১৫ জন। এরমধ্যে নির্বাচনে জয়ী হয়েছেন ৩ জন নারী। বাকিদের মধ্যে ১০ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত হারানো নারীরা হলেন- রংপুর-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়, রংপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী, গাইবান্ধা-১ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির আইরিন আক্তার, এনএনপির মর্জিনা খান, গাইবান্ধা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মাছুমা আক্তার, দিনাজপুর-৩ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) পারুল সরকার লিনা, দিনাজপুর-৪ আসনে এনপিপির আজিজা সুলতানা, ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির নুরুন নাহার বেগম, বাংলাদেশ কংগ্রেসের রিম্পা আকতার এবং ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মনি। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগসহ সারা দেশে প্রতিদ্বন্দ্বি নারী প্রার্থীর সংখ্যা গত নির্বাচনের চেয়ে বেশি থাকলেও বিজয়ের সংখ্যা কম। এবার ৯৬ জন নারী প্রার্থীর মধ্যে ১৯ জন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া স্থগিত একটি আসনে একজন নারী প্রার্থী এগিয়ে রয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে ৬৯ জন নারী প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে ২২ জন নির্বাচিত হয়েছিলেন।