জয়পুরহাটে শীতের তীব্রতায় আরও দুই দিন বন্ধ থাকবে স্কুল

0
জয়পুরহাটে শীতের তীব্রতায় আরও দুই দিন বন্ধ

জয়পুরহাট প্রতিনিধিঃ  শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জয়পুরহাট জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান এবং মাধ্যমিক বিদ্যালয় আরও দুই দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এ ঘোষণা দেয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ও বুধবার (২৪ জানুয়ারি) এই দুই দিন প্রাথমিকের একাডেমিক কার্যক্রম ও মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে গত ২১ জানুয়ারি ও আজ ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছিল।

সোমবার জেলায় সর্বনিম্ন ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতায় অসহনীয় হয়ে উঠেছে জয়পুরহাটের স্বাভাবিক জীবনযাত্রা। টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। বাতাসের সঙ্গে হাড়কাপানো শীত জেলার সর্বত্র কুয়াশার সাথে দমকা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ।

শীতের কারণে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়ে গেছে। সরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

গত কয়েকদিন থেকে দেখা মিলছে না সূর্যের। এতে বস্তিবাসী ও ছিন্নমূল মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পড়েছেন চরম বিপাকে। তবু জীবিকার তাগিদে ছুটছেন তারা।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আমান উদ্দিন বলেন, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় গত রোববার ও সোমবার মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় ছুটি ছিল। আগামী মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে বলে পূর্বাভাস পাওয়া গেছে। জেলা প্রশাসক স্যারের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার ও বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। ১৫৬টি উচ্চ বিদ্যালয় ও ১১২টি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি বন্ধ থাকবে। সব বিদ্যালয় কর্তৃপক্ষকে ছুটির কথা জানানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ডিসি স্যারের সঙ্গে আলোচনা করে আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে জেলার ৩৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুই দিন খোলা থাকলেও পাঠদান বন্ধ হবে না। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় আরো দুই দিন বাড়িয়ে মঙ্গলবার ও বুধবার জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

নওগাঁর বদলগাছি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার সকাল ৯ টায় বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১

ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বদলগাছি ও জয়পুরহাট খুবই কাছাকাছি এলাকা। এ জন্য বদলগাছীর রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে। তিনি আরও জানান, জয়পুরহাটে আবহাওয়া পর্যবেক্ষণ না থাকায় জয়পুরহাট পাশের জেলা হওয়ায় বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তাপমাত্রা রেকর্ড ধরা হয়। এ বছরেই প্রথম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে। এর আগে কখনো এমন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়নি। এর আগে গত রোববার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়।