জয়নাল আবেদীনঃ রংপুরের কাউনিয়ায় বিএসটিআই’এর মোবাইল কোর্টের অভিযানে ১৫হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত ।
গতকাল বুধবার কাউনিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে ,কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় অবস্থিত মেসার্স সায়েম বেকারী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড, বিস্কুট, কেকসহ বিভিন্ন বেকারী পণ্য উৎপাদন, বিক্রয়-বিতরণ ও মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় ১০হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও হারাগাছ, ঠাকুরদাস এলাকার মেসার্স নূর বেকারি অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করায় এবং পণ্যের প্যাকেটে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ৫হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।উক্ত মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার মনোনীতা দাস, এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক মোঃ আলমাস মিয়া,ও বিএসটিআই রংপুর ফিল্ড অফিসার খন্দকার মোঃ জামিনুর রহমান । বিএসটিআই বিভাগীয় কার্যালয় সুত্রে জানা গেছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে বিএসটিআই রংপুরের বিভাগীয় কার্যালয় সভাকক্ষে দিনাজপুরের ক্ষুদ্র উদ্দ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। উক্ত সভায় ৩০ জন ক্ষুদ্র উদ্দ্যোক্তা উপস্থিত ছিলেন। সিটিজেন চার্টার অনুযায়ী বিএসটিআইর সিএম লাইসেন্স,ছাড়পত্র, মোড়ক সনদ, পরীক্ষণ প্রতিবেদনসহ সকল সেবা প্রদানের ফি ও প্রয়োজনীয় সেবার সময় অবহিত করা হয়। বিএসটিআইর সেবার ব্যপারে মন্তব্য বা পরামর্শ গ্রহণ করা হয়। এছাড়াও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ স্তম্ভ স্মার্ট নাগরিক হওয়ার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
বিভাগীয় অফিস প্রধান উপপরিচালক মফিজ উদ্দিন আহমাদের সভাপতিত্বে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন সহকারী পরিচালক মো: জাহিদুর রহমান, সহকারী পরিচালক জুনায়েদ আহমেদ,গ্রাম বিকা কেন্দ্রের প্রকল্প ম্যানেজার মো: লিয়াকত আলী সহ ক্ষুদ্র উদ্দ্যোক্তাগণ ।

