এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারসহ অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দিতে আসা তিনজন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলার সদর উপজেলার ৩টি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
আটক পরিক্ষার্থীরা হলেন,জেলার পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মোস্তাকিম হোসেন,বাঁশখুর গ্রামের মাজেদের ছেলে মাহমুদুল হাসান,আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান লিয়নের মেয়ে সানজিদা বেগম।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন বলেন, জেলার ১২টি কেন্দ্রে প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারসহ অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দিতে আসা তিনজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া জয়পুরহাট সরকারি কলেজ, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ও জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসা এই তিন কেন্দ্র থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। এর পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

