বাংলাদেশ প্রতিবেদক: জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধুর প্রাণ গেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার শাহবাজপুর কাচারিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার ভেলাপিংগলহাটি গ্রামের সুমন টিকাদারের ছেলে সিনাত টিকাদার (১৫) ও শাহবাজপুর কাচারিপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে কাকন মিয়া (১৬)।
পুুলিশ জানায়, শুক্রবার দুপুর সোয়া একটার দিকে দুই বন্ধু সিনাত ও কাকন জুম্মার নামাজের প্রস্তুতি নিতে শাহবাজপুর বাজার থেকে মোটর সাইকেল যোগে দ্রুত বাড়ির দিকে যাচ্ছিল। তাদের মোটর সাইকেলটি শাহবাজপুর কাচারিপাড়া মোড় অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কড়ইগাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে তাদেরকে জামালপুর জেলারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

