সুমন গাজী: গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রতিটি গ্রামে চলতি মৌসুমে গাছ জুড়ে শোভা পাচ্ছে মৌসুমী ফল কাঁঠাল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় গত বছরের তুলনায় এ বছর প্রতিটি গাছে প্রচুর কাঠাল ধরেছে। তবে বৃষ্টি একটু কম হওয়ায় কাঁঠালের আকৃতি একটু ছোট হয়েছে। বসতবাড়ির আঙ্গিনা থেকে শুরু করে ফসলী জমির দু’ধারসহ বিভিন্ন জমিতে জাতীয় ফল কাঁঠালের ফলন চোখে পড়ার মতো। গাছের গোড়া থেকে শুরু করে মগডাল পর্যন্ত থোকা থোকা ঝুলে থাকা কাঁঠাল গুলোই বলে দেয় ফলনের জন্য উপযোগী এই এলাকার মাটি। এবার উপজেলার বিভিন্ন এলাকার কাঁঠাল গাছে ব্যাপকহারে কাঁঠালের ফলন লক্ষণীয়। এই মৌসুমে এলাকার অনেক পরিবার কাঁঠাল বেচা-কেনা করে আয় করে থাকেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কথা হয় উজিলাব গ্রামের কাঠাল চাষি মনির হোসেন , শহিদুল,আশিক, জাহিদুল ও মাওনা গ্রামের চাষি আবুল হোসেনের সাথে। তাদের সাথে কথা বলে জানা যায় – এই বছর গাছে প্রচুর কাঁঠাল এসেছে। বড় গাছে ১০০-২০০টি এবং ছোট গাছে ৪০-১০০ টি করে কাঁঠাল রয়েছে। যদি বাজার ভালো থাকে তাহলে এ বছর ভালো টাকা আয় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কাঁঠাল চাষিরা। তবে কাঁঠাল পরিপক্ষ হতে আরো ১৫-২০দিনের মতো সময় লাগতে পারে। তারা জানান- আকৃতিভেদে প্রতিটি কাঁঠাল খুচরা ও পাইকারি মূল্য আনুমানিক ৫০ থেকে ২০০ টাকা হয়ে থাকে। মৌসুমী ফল কাঁঠাল সংরক্ষণ এবং সুষ্ঠু বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকলে চাষীরা কাঁঠালের ভালো দাম পাবেন বলে জানান তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা জানান, উপজেলায় ২৭ হাজার ৫০০ হেক্টর আবাদি জমি রয়েছে। এবার ২৯৭৩ হেক্টর জমিতে কাঁঠালের চাষাবাদ হয়েছে। এবারে আমাদের লক্ষ্য মাত্রা রয়েছে ৬২ হাজার ১৫ মেট্রিকটন। কাঁঠালের তেমন কোন রোগ বালাই হয় না তবুও কৃষি অফিসের পক্ষ থেকে বিশেষ সুবিধা ও যথাযথ পরামর্শ দেয়া হচ্ছে। উপজেলা বিভিন্ন এলাকা জুড়ে প্রতিটি কাঁঠাল গাছেই ব্যাপকহারে কাঠাল ধরেছে।কৃষকরা যাতে বাজারে ভালো দাম পায় এজন্য আমরা বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করবো। এছাড়া কাঁঠাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার জন্য হটেক্স ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি হয়েছে। আমরা খুব দ্রুতই এর বাস্তবায়ন শুরু করব।

