বিমল কুন্ডু: কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২৯ মে বুধবার তৃতীয় ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে হালিমূল হক মিরু চেয়ারম্যান, মাহবুবে সোবহান শেখ সজল ভাইস চেয়ারম্যান এবং লাবনী খাতুনকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এদিন রাত ১১ টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ কামরুজ্জামান।
চেয়ারম্যান পদে হালিমূল হক মিরু (আনারস) পেয়েছেন ৫৫,২১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আব্দুল হামিদ লাবলু (কাপ-পিরিচ) পেয়েছেন ২৯,৯৬৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মাহবুবে সোবহান শেখ সজল (টিউবওয়েল) পেয়েছেন ৭১,৫৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারুফ হাসান সুনাম (চশমা) পেয়েছেন ৫৭,৭০২ ভোট। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাবনী খাতুন (কলস) পেয়েছেন ৬১,১৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌসুমি খান (হাঁস) পেয়েছেন ৪২,৬৫১ ভোট। এর আগে বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়। উপজেলার ১৬০ টি কেন্দ্রে ইভিএম এর মাধমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানান, নির্বাচনে পুলিশ, বিজিবি, র্যাব, স্ট্রাইকিং ফোর্স, আনসার ও ভ্রাম্যমান আদালতের কঠোর তৎপরতায় ভোট গ্রহনকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রার্থী, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৬৩ হাজার ১০০ জন। ভোট প্রদানের হার ৩০.৫৮% শতাংশ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

