শাহজাদপুরে শিক্ষককে পিটিয়ে হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

0
শাহজাদপুরে শিক্ষককে পিটিয়ে হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের স্কুল শিক্ষক হারুন-অর-রশীদের (৩৬) খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রোববার (২ জুন) সকালে মানববন্ধন করেছে এলাকাবাসী। এদিন সকাল সাড়ে ১০ টায় হরিনাথপুর গ্রাম সংলগ্ন শাহজাদপুর- পোরজনা প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিহত স্কুল শিক্ষকের পিতা গাজী মোঃ আলাউদ্দিন, চাচা রেজাউর রউফ খান, বড় ভাই হুমায়ুন কবির, আওয়ামীলীগ নেতা নূরুল ইসলাম, স্থানীয় বনিক সমিতির সভাপতি আলি আজম, গ্রাম প্রধান হানিফ প্রামানিক, লোয়াই প্রামানিক, নিহতের বোন লুসি খাতুন প্রমুখ। এসময় এলাকাবাসী খুনীদের ফাঁসি চাই স্লোগানে ফেটে পড়েন। অন্যদিকে নিহতের স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।

বক্তারা বলেন, নিহত হারুন-অর- রশীদ পাবনা জেলার আমিনপুর থানাধীন রতনগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। দাম্পত্য জীবনে স্ত্রী রেখা খাতুনের উশৃংখল জীবন যাপন ও পরকিয়ায় লিপ্ত থাকার ঘটনায় অতিষ্ঠ হয়ে প্রায় তিন মাস পূর্বে শিক্ষক হারুন তার স্ত্রীকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৪ মে শুক্রবার রাতে উপজেলার বড়মহারাজপুর গ্রামের তার শ্বশুর ফখরুল মোল্লা ও চাচা শ্বশুর দুলাল মোল্লার নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী অস্ত্রের মুখে হারুনকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং পোরজনার মাঠের নির্জন এলাকায় তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের পিতা গাজী আলাউদ্দিন বাদী হয়ে ১৯ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার ১০ দিন পরও পুলিশ প্রধান আসামিদের গ্রেফতার করতে পারেনি। বক্তারা অভিযোগ করেন, মামলা তুলে নিতে আসামীরা প্রতিনিয়তই তাদের নানা ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এতে নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা অবিলম্বে খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। মানববন্ধন চলাকালে নিহতের পিতা গাজী আলাউদ্দিন তার ছেলে হত্যার বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, শিক্ষক হারুন হত্যা মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামীদের গ্রেফতারে পুলিশের জোড়ালো অভিযান চলমান রয়েছে। মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যবৃন্দ , আত্মীয় স্বজন, গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ শত শত নারী পুরুষ খুনীদের ফাঁসি চাই সম্বলিত ব্যানার ও প্লাকার্ড নিয়ে অংশ নেন।