জয়নাল আবেদীন: রংপুরের ‘হাঁড়িভাঙা’ জাতের আমের সুনাম দেশের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ফলে আমের মৌসুম শুরু আগেই মালয়েশিয়া, নেপাল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রফতানির জন্য প্রায় ২৫কোটি টাকার আমের অর্ডার পেয়েছেন বাগান মালিকরা। ভরা মৌসুমে এ অর্ডারের পরিমাণ আরও বাড়তে পারে বলেও আশা করছেন তারা। এ বছর আঁশবিহীন সুস্বাদু এই আম বাজারে আসবে ২০ জুন থেকে। তবে ২১ জুন শুক্রবার বিকেল ৩টায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে পদাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে হাড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ।
উদ্ধোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রী ড, মো: আব্দুস শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন । এদিকে কৃষকরা বলছেন, এ মৌসুমে রংপুর অঞ্চলের বাগানগুলো থেকে প্রায় ২শ৫০ কোটি টাকার আম বিক্রি হবে বলে আশা করছেন ।রংপুর কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় তাদের বিভিন্নভাবে সহযোগিতায় চলতি বছর রংপুরে ১ হাজার ৯শ৩৫ হেক্টর জমি এলাকা জুড়ে হাঁড়িভাঙা আমের ফলন হয়েছে । যা গত বছরের তুলনায় ৩০ হেক্টর বেশি জমি। তবে চাষিরা বলছেন, এবার আমের জন্য আবহাওয়া তেমন একটা অনুকূলে ছিল না। বিশেষ করে দীর্ঘদিন অনাবৃষ্টি এবং প্রচন্ড তাপপ্রবাহে ফলন খুব ভালো হয়নি। রংপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক রিয়াজ উদ্দিন বলেন, আমের ফলন এবার গতবারের তুলনায় কিছুটা কম হয়েছে। তারপরও প্রায় ৩২ হাজার মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। উৎপাদিত এসব আম বিক্রি ২শ৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েেেছ ।
এই কর্মকর্তা জানান, আম চাষি, কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের সঙ্গে যৌথ বৈঠকে ২০ জুন বৃহস্পতিবার থেকে এ মৌসুমের হাঁড়িভাঙা তোলার তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘অন্যান্য সব জাতের আমের চেয়ে এটি একটু দেরিতে পরিপক্ব হয়। আম চাষিরাও আনুষ্ঠানিকভাবে ওই তারিখ থেকে আম পাড়া শুরু করবেন। কারণ তখন পরিপক্ব হবে এবং স্বাদও পাবেন ভোক্তারা।’এদিকে জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানিয়েছেন, সরাসরি বাগান থেকে যাতে আম কিনতে পারেন, সেজন্য বিভিন্ন এলাকা থেকে আসা পাইকারদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আম পাড়া শুরু হলে টাকা লেনদেনের জন্য বিভিন্ন ব্যাংকের বুথ খেলা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও বাড়ানো হবে। এদিকে আম দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য নামকরা কুরিয়ার সার্ভিসগুলো পদাগঞ্জ এলাকায় বিশেষ অফিস স্থাপন করছেন। তারা বাগান থেকে আম সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ গাড়িরও ব্যবস্থা করেছেন বলে জানান জেলা প্রশাসক।
তিনি বলেন, ‘আমরা ২০ জুন থেকে হাঁড়িভাঙা আম বিক্রি করার সময় নির্ধারণ করে দিয়েছি। আম চাষি, কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’রংপুরের মিঠাপুকুর বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর, পদাগঞ্জ, কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট, সর্দ্দারপাড়া, সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের কাঁটাবাড়ি, পাশের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের সব গ্রামসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে হাঁড়িভাঙা আমের বাগান গড়ে উঠেছে। মূলত লালমাটি এলাকায় হাঁড়িভাঙা আমের চাষ হয়। আর লালমাটির আম ভীষণ সুস্বাদু। গত বছর আমের দাম ভালো পাওয়ায় আরও নতুন নতুন আম বাগান গড়ে তুলেছেন এলাকার অনেকে। এই আম বদলে দিয়েছে বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার শতাধিক গ্রামের মানুষের ভাগ্য। আম চাষ করে এসব গ্রামের অনেক মানুষই স্বাবলম্বী। তবে ক্ষুদ্র চাষিদের অভিযোগ, তারা ন্যায্যমূল্য পান না। আম সংরক্ষণ করার ব্যবস্থা থাকলে তারা আরও বেশি লাভবান হতেন। বড় বড় ব্যবসায়ীরা আগাম টাকা দিয়ে আমের বাগান কিনে নেওয়ায় তারাই (ব্যবসায়ীরা) বেশি লাভবান হচ্ছেন।কথা হয় লুৎফর রহমান, শরিফুল, আকলিমা ও রশিদা সহ এলাকার কয়েকজন আম চাষির সঙ্গে। তারা জানালেন, ৮ থেকে ১০ বছর আগেও এসব এলাকা ছিল দারিদ্র্যপীড়িত। মানুষ একবেলার খাবারও জোটাতে পারতো না। কিন্তু হাঁড়িভাঙা আম তাদের ভাগ্যের চাকা বদলে দিয়েছে। এখন ধানের বদলে ওই জমিতে আমের বাগান গড়ে তুলেছেন তারা। আম বিক্রি করে তারা এখন সচ্ছল হয়েছেন।হাঁড়িভাঙা আমের সবচেয়ে বড় বাগানের মালিক সোলায়মান জানান, ঢাকা থেকে বেশ কয়েকজন আড়তদার ব্যবসায়ী এবার অগ্রিম টাকা দিয়ে বুকিং করেছেন। এসব আড়তদারের মাধ্যমেই আম বিভিন্ন দেশে রফতানি হবে। তার মতো আরও ৪০টি বাগান মালিকের সঙ্গে এই ব্যবসায়ীরা চুক্তি করেছেন।
তিনি বলেন, ‘এখন পযন্ত বিদেশে রফতানি হবে, এমন আমের ২৫ কোটি টাকার অর্ডার পাওয়া গেছে। আমরা আশা করছি, এ বছর রফতানি অর্ডার ৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।’ বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে রংপুরের হাঁড়িভাঙা আম। এ নিয়ে খুশি রংপুর অঞ্চলের চাষিরা। দীর্ঘদিনের এই দাবি এ বছরই পূরণ হওয়ায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

