জয়নাল আবেদীন: রংপুরের তারাগঞ্জে সেতুর নাট চুরি করার সময় হাতে নাতে দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের বরাতি সেতুতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশকে খবর দিলেও তাঁরা দীর্ঘ সময় ঘটনাস্থলে না আসায় এলাকাবাসী রাত ১ টার দিকে মহাসড়ক অবরোধ করে।এসময় দূরপাল্লার অসংথ্য বাস আটকা পড়ে ।
আটক চোরেরা হলেন, রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাদপুর গ্রামের একরামুল হকের ছেলে মাইদুল ইসলাম ও আব্দুল মজিদের ছেলে রুবেল হোসেন। পুলিশ বলছে, অন্য একটি সড়ক র্দুঘটনায় টহল গাড়ি থাকায় বরাতি সেতুতে পৌঁছাতে বিলম্ব হয়। আটক চোর থানা হাজতে আছে, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় রংপুর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরীর নদীর বরাতি সেতুর ওপর দিয়ে রংপুর বিভাগের ৮ জেলা ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যান বাহন চলাচল করেন। পুরোনো সেতুটি বিকল হলে জাইকার অর্থায়নে ২০২১ সালে সেখানে নতুন সেতু নির্মাণ করা হয়। এই সেতুর পাশে থাকা পুরো সেতুটিতে কৃষকেরা ধান, ভুট্ট ফসল শুকান। পুরোনো সেতুতে রাখা ধান, ভুট্টা টাকার বিনিময়ে পাহাড়া দেন সেতু ঘেঁষা গ্রাম নদীরপারের বাসিন্দা কাছু মামুদ ও মকবুল হোসেন। রাত ১১টার দিকে তাঁরা দুজনে নতুন সেতুতে নাট খোলার শব্দ পান। এরপর গ্রামবাসীকে বিষয়টি জানালে লোকজন ধাওয়া করে ওই দুই চোরকে আটক করেন।
বিষয়টি থানা পুলিশকে জানান। দুই ঘণ্টায় ঘটনাস্থলে পুলিশ না আসায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী চোরকে নিয়ে মহাসড়ক অবরোধ করে। পরে রাত দেড়টার দিকে তারাগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি শান্ত করে আটক দুই চোরকে জনতার কাছ থেকে থানায় নিয়ে যান। তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তাদের কাছ থেকে ১১টি নাট ও একটি রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

