মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালিশিরা চা বাগানের ফ্যাক্টরিতে কাজ করার সময় পবন তাঁতী (৪০) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার ০৩ জুলাই ২০২৪ ইং, দুপুরে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে কালীঘাট ইউনিয়নের বালিশিরা চা বাগান ফ্যাক্টরিতে কাজ করার সময় ফ্যাক্টরির ভিতরে এ ঘটনা ঘটে।
নিহত পবন তাঁতী কালীঘাট ইউনিয়নের বালিশিরা চা বাগানের ৪ নম্বর লাইনের বাসিন্দা বিভো তাঁতীর ছেলে।
থানা পুলিশ ও চা শ্রমিকরা জানান, দুপুর ১২টার সময় চা বাগানের কারখানায় কাজ করছিল পবন তাঁতী। হঠাৎ অসর্তকতাবশত কারখানায় বেল্টে জড়িয়ে পড়ে বেল্টের বাড়ি লেগে ১৫-১৬ ফিট ওপর থেকে নিচে পড়ে যায়। এ সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

