রংপুরে রোবটিক সার্জারী নিয়ে আন্তর্জাতিক সেমিনার

0
রংপুরে রোবটিক সার্জারী নিয়ে আন্তর্জাতিক সেমিনার

জয়নাল আবেদীন: বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে রংপুরে রোবটিক সার্জারী নিয়ে আন্তর্জাতিক সেমিনার হয়েছে। শুক্রবার (৫ জুলাই) রাতে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, ভারতের এসএস ইনোভেশন ইনকর্পোরেশনের ফাউন্ডার, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডাঃ সুধীর শ্রীবাস্তব। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ জাবেদ আখতারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের অধ্যাপক ডাঃ সর্দার এ. নাইমসহ দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

সেমিনারে জানানো হয়, ওপেন সার্জারীর পাশাপাশি এখন মানবদেহে ছোট ফুটা করে ল্যাপারোস্কপি সার্জারী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু ল্যাপারোস্কপি সার্জারীর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। রোবটিক সার্জারীতে অপারেশনের স্থান ভাল ও স্পষ্ট দেখার জন্য এখানে উচ্চক্ষমতা সম্পন্ন থ্রিডি ক্যামেরা ব্যবহার করা হয়। সার্জারীতে বিশে^র ৯৩ ভাগ রোবট ব্যবহার করা হয় আমেরিকা, ইউরোপ ও জাপানে এবং পৃথিবীর বাকী দেশে মাত্র ৭ ভাগ রোবট ব্যবহার করা হয়। এর মধ্যে ভারতে প্রায় দেড়শ রোবট রয়েছে। এমনকি নেপালেও রয়েছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কোন রোবট নেই। রোবটের মাধ্যমে সার্জারীতে খরচ বেশি হলেও ইউরোলজি, গাইনোকলজি, ক্লোলোরেকটাল সার্জারী, হেপাটোবিলিয়ারী ও অ্যাবডোমিনাল ওয়াল রিকন্সট্রাকশন সার্জারী সহজ হয়। এতে অস্ত্রপ্রচার সংক্রান্ত জটিলতা, রক্তপাত ও সংক্রমণের হার কমে আসবে। দেশে রোবটিক সার্জারীকে চালু করতে প্রশিক্ষণ ও মান্ত্রা থ্রি নামক আধুনিক রোবট বিক্রিতে এগিয়ে এসেছে এসএস ইনোভেশন ইনকর্পোরেশন।

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজিত এ সেমিনারে গাইনী, সার্জারী, ইউরোলজিসহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।