জয়নাল আবেদীন: রংপুরের বদরগঞ্জে নিলুফা ইয়াসমিন (২৯) নামে এক গৃহবধূর মৃত্যুর সাত মাস পর ময়না তদন্ত প্রতিবেদনে জানা গেল তিনি আত্মহত্যা করেননি, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী সহিদার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার পুলিশ সুপার মোঃ শাহজাহান। এর আগের দিন রাতে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত কথা স্বীকার করেন সহিদার ।
গ্রেপ্তার হওয়া সহিদার রহমান উপজেলার ছোট হাজীপুর তেলিপাড়া গ্রামের আব্দুল হাই মেম্বারের ছেলে। পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর রাতে সহিদার স্থানীয় বাজারে নাইট গার্ডের ডিউটি শেষে ভোরে তার নিজের বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। নিলুফা দুপুর বেলায় স্বামী সহিদারকে ঘুম থেকে একাধিকবার ডেকে গরুকে পানি খাওয়ানোর জন্য বলে। এতে সহিদার বিরক্ত ও রাগান্বিত হয়ে ২ থেকে ৩ মিনিট ধরে নিলুফার গলা টিপে ধরে। এতে নিলুফা নিস্তেজ হয়ে পড়লে সহিদার তাকে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে রেখে আলু ক্ষেতে পানি দিতে চলে যায়। এর আধাঘন্টা পর বাড়িতে চিৎকার শুনে ফিরে আসে সহিদার।হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নিলুফা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়। এসময় নিলুফারকে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় স্বামী সহিদার প্রভাবিত করে নিলুফারের বাবাসহ পরিবারের কাউকে অপমৃত্যুর মামলা করতে দেয়নি। সেই সাথে মরদেহ ময়না তদন্ত করতে না দেওয়ার চেষ্টাও করেন। সম্প্রতি নিলুফার মৃত্যুর ফরেনসিক প্রতিবেদন পুলিশের কাছে আসলে সন্দেহভাজন স্বামী সহিদারকে শনিবার রাত আড়াইটায় বদরগঞ্জ উপজেলার কচুবাড়ির হাট থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিলুফাকে শ্বাসরোধ করে হত্যাকান্ডের কথা স্বীকার করে সহিদার। এ ঘটনায় ওইদিন রাতেই নিলুফার বাবা আব্দুল মমিন বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুপার মোঃ শাহজাহান বলেন, নিলুফারের মৃত্যুর পর তার স্বামী সহিদার পাগলের মত আচরণ করছিলো। যেন স্ত্রীকে ছাড়া তার বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। সেই সাথে নিলুফার লাশ যেন ময়না তদন্ত না করা হয় সেই চেষ্টা করা হয়েছিল। পুলিশ সদস্যদের বিচক্ষণতার কারণে তারা সেই সময় লাশ ময়না তদন্ত করেছিলে বলেই হত্যাকারী ও হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, ইফতে খায়ের আলমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

