বাংলাদেশ প্রতিবেদক: কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
এর আগে কোটা সংস্কারের দাবিতে কলেজ মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়। তারা বাংলা ব্লকেট তৈরির মাধ্যমে ‘চাইতে গেলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’ শ্লোগানে উত্তাল রাজপথ করে তোলেন। একপর্যায়ে শিক্ষার্থীরা শহরের কলেজ মোড়, হাবিপ্রবির অদূরে দশমাইল মোড়সহ বিভিন্ন স্থানে রাস্তায় বসে অবরোধ করেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থানের সময় হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে উঠলে প্রায় ঘণ্টাব্যাপী উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ চলে। এতে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৮ জন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছে।
এ বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিনাজপুর কোতয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে আহতের সংখ্যা এখনো নিরূপণ হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

