শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

0
শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

এস এম শফিকুল ইসলাম: বৈষম্যমূলক কোটাব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জয়পুরহাটে পুলিশের বাঁধা উপেক্ষা করে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে ।

এ সময় কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নেতা কর্মীরা রামদেও সরকারি বাজলা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাটার মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ বাঁধা দেয়। সেখান থেকে মিছিলটি পথ পরিবর্তন করে সার্কিট হাউজ সড়ক হয়ে নতুন হাটে গিয়ে জয়পুরহাট আক্কলপুর সড়কে বসে কিছু সময়ের সড়ক অবরোধ করে। এসময় সড়কের দুপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে নতুন হাটে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবির নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন,জয়পুরহাট শহর ছাত্রদল সদস্য সচিব হাসানুল বান্না হাসান, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাগর চৌধুরী, আহাদ হোসেন, পাঁচবিবি থানা ছাত্রদলের আহবায়ক আপেল হোসেন, ক্ষেতলাল থানা ছাত্রদলের আহবায়ক দেওয়ান হাসান, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফিরোজ সরকার,ফাহিম মোনতাছির, উজ্জ্বল হোসেনসহ প্রমুখ।

বক্তারা বলেন, কোটাবিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদেরকে শেখ হাসিনা রাজাকার আখ্যায়িত করেন। এর প্রতিবাদে যখন সারা দেশে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, তখন আওয়ামী লীগের নির্দেশেই ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালিয়েছে। এতে আমাদের ছাত্রদল নেতাসহ কয়েকজন মারা গেছে। শত শত শিক্ষার্থী আহত হয়েছে। সেই বিচার না করে তারা বিএনপির পার্টি অফিসে হামলা চালিয়েছে।