কোটা আন্দোলন: রংপুরে এইচএসসি পরীক্ষার্থীসহ ১০ শিক্ষার্থীর জামিন

0
কোটা আন্দোলন: রংপুরে এইচএসসি পরীক্ষার্থীসহ ১০ শিক্ষার্থীর জামিন

জয়নাল আবেদীন: রংপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মহানগর ও জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দুই এইচএসসি পরীক্ষার্থীসহ ১০ জন শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। এদের মধ্যে শুক্রবার কারামুক্ত হন আট শিক্ষার্থী। বাকি দুই জন শনিবার মুক্ত হন। এদিকে অপেশাদার আচরণের কারণে এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজনকে বরখাস্ত করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার শিক্ষার্থীদের জামিনের আদেশ দেন রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক এফ এম আহসানুল হক।

শিক্ষার্থীদের পক্ষে জামিন শুনানি করা আইনজীবী শামীম আল মামুন বলেন, জামিনপ্রাপ্তদের পক্ষে জামিননামা দাখিল করেছি। জামিননামা কারাগারে পৌঁছেছে। ইতোমধ্যে ৮ জন শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পেয়েছে। আশা করছি বাকি দুজন শনিবার কারামুক্ত হবেন । জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- মাওবিন হাসান মুহিন, রাকিব হোসাইন, আব্দুল্লা ইবনে জুবায়ের, মো. মাহিন, আমির হামজা আমির, তৌফিক ওমর ধ্রুব, পাভেল মিয়া, আল মারজান, নিয়াজ আহাম্মেদ রকি ও সৌরভ মিয়া। রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী প্র্রয়োজনীয় কাগজপত্র সাপেক্ষে কারাগার থেকে শুক্রবার রাত ১১টার পর আটজনকে মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে কোটা আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় অপেশাদার আচরণের কারণে এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজনকে বরখাস্ত করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় প্রাথমিক তদন্তে ওই দু’জনের অপেশাদার আচরণ প্রমাণিত হয়েছে, যার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি আবু সাঈদের সুরতহাল, সেদিনের ভিডিও, ছবি এবং পারিপাশ্বিক ঘটনা বিশ্লেষণ করে দেখা হচ্ছে, আর কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।