জয়নাল আবেদীন: কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীসহ সাধারণ জনগণের ওপর হামলা, গুলিবর্ষণ, মামলা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবি আদায়ে রংপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন শিক্ষক, আইনজীবী অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষও।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে রংপুর প্রেসক্লাবের সামন থেকে বৃষ্টিতে বিক্ষোভ মিছিলটি বের হয়।এরআগে সকাল দশটার আগে থেকেই বৃষ্টি উপেক্ষা করে রংপুর জিলা স্কুল, রংপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, সরকারি সিটি কলেজ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর সরকারি উচ্চ বিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় প্রেসক্লাবের সামনে। বিক্ষোভে অংশ নিতে দেখা যায় অনিদিষ্টকালের জন্য বন্ধ হওয়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদেরও। সেখানে রাস্তার একপাশ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছে তারা।শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে এ কর্মসূচিতে যোগ দেন অভিভাবকরাও। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বেলা ১২টার দিকে রওয়ানা দেয় শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, নগর ভবন, টাউন হলের সামন, কাচারী বাজার, ডিসির মোড় বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর, লালকুঠি, চেক পোস্ট, মেডিকেল মোড়, ধাপ আটতল মসজিদ মোড় হয়ে প্রায় ৫ কিলোমিটার হেটে রংপুর টাউন হলের সম্মুখে গিয়ে শেষ হয়। সেখানে শপথগ্রহণ শেষে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে রোববার থেকে পূর্বঘোষিত ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশ নেয়ার আহ্বান জানান।

